আরও একটা ট্রেবল জয়ের সামনে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ—তিনটি শিরোপাই হাতছানি দিয়ে ডাকছে সিটিকে। প্রয়োজন শুধু ছন্দ ধরে রাখা। জিতলে এটা হবে টানা দ্বিতীয় ত্রিমুকুট জয়।
তবে সিটি কোচ পেপ গার্দিওলার মনে ভর করেছে ভিন্ন দুশ্চিন্তা। সেই ভয় চোট ও ক্লান্তিকে ঘিরে। তার ধারণা, ক্লান্তিজনিত বড় ধরনের সমস্যায় আছে তার দল। দলের অন্যতম মিডফিল্ডার রদ্রি সামনে আনেন ক্লান্তির বিষয়টি। এমনকি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বিশ্রাম চাওয়ার কথাও বলেন তিনি।
আজ রাতে প্রিমিয়ার লিগ ম্যাচে লুটন টাউনের বিপক্ষে খেলবে সিটি। এই ম্যাচ জিতলে সাময়িকভাবে শীর্ষে উঠে আসবে ইতিহাদের ক্লাবটি।
তার আগে সংবাদ সম্মেলনে রদ্রির সেই কথার জবাবে গার্দিওলা বলেছেন, ‘আমাদের খেলাগুলোর দিকে তাকান, বুঝতে পারবেন। বিষয়টা সরল। যে মানের খেলা সে খেলে, সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আপনার যদি এমন খেলোয়াড় থাকে যে খেলতে চায় না, সে খেলবে না।’
এর মধ্যে দলের ব্যাকলাইন নিয়েও দুশ্চিন্তায় আছেন গার্দিওলা। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন কাইল ওয়াকার ও জন স্টোনস। ফলে পর্যাপ্ত বিশ্রাম মেলেনি তাঁদেরও। সব মিলিয়ে বড় ধরনের সমস্যায় আছেন জানিয়ে স্প্যানিশ এ কোচ বলেন, ‘আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে শেষ ম্যাচগুলোয় আমরা ক্লান্ত হয়ে পড়ব। (আজ) আমরা ঠিক করব, আমাদের কি করতে হবে।’
