ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০১:১১ পিএম

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম মেহেরুন্নেসা (৬৫)। শনিবার (১৩ এপ্রিল) সকালের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, গতকাল ভোরে মিরপুরের ভাসানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ছয় জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহরুন্নেসা চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে মিরপুরের ভাষানটেক ১৩ নম্বর কালবার্ট রোড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন সূর্য বানু (৩০), লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৯) ও মো. লিটন (৫২)। এরমধ্যে সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ এবং সুজনের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত