লক্ষ্যটা মাত্র ১৫১ রানের। গাজী টায়ার্সের দেওয়া সেই রান তাড়া করাটা ছিল সাধ্যের মধ্যেই। কিন্তু সেটা যে মামুলি বানিয়ে সহজেই টপকে যাবে লিজেন্ড অব রূপগঞ্জ, তা কেই বা জানত। কিংবা ঐ অল্প রান তাড়া করতে গিয়ে তাওফিক খান তুষার সেঞ্চুরি করে ফেলবেন তাও ছিল ধারণার বাইরে। তুষারের এমন চাপহীন ম্যাচের সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় পেয়েছে রূপগঞ্জ।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। শুভাগত হোমের স্পিন ঘূর্ণি আর মাশরাফী বিন মোর্ত্তজার পেস তোপে টিকতে পারেন গাজী। গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। সর্বোচ্চ ৩০ রান করেন ইফতেখার হোসেন ইফতি। শুভাগত শিকার করেন ৪ উইকেট। মাশরাফী ৮ ওভারে ১৮ রান খরচায় নেন ২ উইকেট।
সেই রান তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়ে ১৯.২ ওভারেই লক্ষ্যে পৌঁছায় রূপগঞ্জ। ৬৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১১৪ রান করেন তুষার। সাদমান ইসলাম অপরাজিত থাকেন ৩৫ রান করে।
