ওয়েম্বলিতে পৌঁছে ‘চ্যাম্পিয়ন হওয়া’ই এমবাপ্পের স্বপ্ন

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:০১ পিএম

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচের ২৯ মিনিটে দশজনে পরিণত হওয়া বার্সেলোনা এমনিতেই ভেঙে পড়ে। সেই কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোল বার্সেলোনাকে শুধু হারিয়েই দেয়নি। ২০২১ সালের পর আবার সেমিফাইনালে তুলেছে প্যারিস সেইন্ট জার্মেইকে। তৃপ্ত এমবাপ্পে এবার চান পিএসজির হয়ে ইউরোপ সেরার তকমা জিততে।

২০২০ চ্যাম্পিয়নস লিগে ফাইনাল খেলেছিল পিএসজি, খেলেছিলেন এমবাপ্পেও। বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে সেইবার শিরোপা ছোঁয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল। পরের মৌসুমে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বাধা পেরোতে পারেননি প্যারিসিয়ানরা। এবার বার্সেলোনার মতো কঠিন প্রতিপক্ষের কাছে ঘরের মাঠে প্রথম লেগে হেরেও যেভাবে ফিরে এসেছে পিএসজি তাতে গর্বিত এমবাপ্পে।

'প্যারিসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন আছে আমার। পিএসজিতে আসতে পেরে প্রথম দিন থেকেই দারুণ গর্বিত আমি। সময় ভালো যাক বা খারাপ, আমার সেই গর্বে চোট লাগে না। এই ক্লাবের হয় খেলার যে গর্ব, আমার দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করতে পারা, এখানে বেড়ে ওঠা একজন হিসেবে আমার জন্য এটা স্পেশাল ব্যাপার।'

প্যারিসের হয়ে খেলার যে গর্ব, সেটির কথাই বারবার আলাদা করে বললেন এমবাপে। বার্সেলোনার কাছে হারলেও সেই গর্বে আঁচড় লাগত না তার। তবে জয়ের পর আনন্দটা স্বাভাবিকভাবেই বেশি। 'দুর্দান্ত একটি দলকে আজকে হারিয়েছি আমরা। তবে যদি আজকে হেরেও যেতাম, প্যারিসের একজন হিসেবে গর্বিতই থাকতাম। এখন ম্যাচ জয়ের পর আজকের এই রাতে গর্বটা আরও বেশি।'

'আমরা খুবই খুশি। এমন এক দলকে আমরা হারিয়েছি, যাদেরকে আমরা হারাতে চেয়েছিলাম এবং ফাইনালের আরও কাছে যেতে চেয়েছিলাম। যে সমর্থকেরা এখানে এসে ও ঘরে বসে আমাদের সমর্থন জুগিয়েছেন, এই জয় তাদের জন্য। আজকের রাতটিই গর্বের।'

সেমিফাইনালে ওঠার উচ্ছ্বাসে অবশ্য ভেসে যেতে চান না এমবাপে। তিনি চোখ রাখছেন এখন ফাইনালে, 'প্যারিসের একজন হিসেবে আজকের রাতের মতো অভিজ্ঞতাটা অসাধারণ। ওয়েম্বলিতে ফাইনাল খেলার পথে আরও একটি পদক্ষেপ এগোতে হবে আমাদের। কাজেই এখন আমাদের শান্ত থাকতে হবে।'

প্যারিসের হয়ে খেলার গর্বের কথা বারবার বললেন বটে, তবে মৌসুম শেষেই এই ক্লাব ও শহর ছাড়ার কথা তার। এই জয়ের পর কি তার সেই ভাবনা বদলাবে? এমবাপে এবার দ্রুতই বলে উঠলেন, 'না না না… এই জয়ে ভবিষ্যৎ নিয়ে আমার সিদ্ধান্ত বদলাবে না।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত