ট্রাকচাপায় ১৪ জন নিহতের ঘটনায় চালক ও সহকারী আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৫ পিএম

ঝালকাঠিতে অটোরিকশা ও প্রাইভেটকারকে চাপা দেওয়া সেই ট্রাকচালক এবং তার সহযোগীকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলার বাসন্ডা ইউনিয়নের বাড়ইগাতি এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা একই সঙ্গে সেখানে অবস্থান করছিলেন।

আটককৃত চালকের নাম আল আমিন হাওলাদার। তার বাড়ি ঝালকাঠি সদরের নবগ্রামে। আর সহকারী নাজমুল শেখ খুলনা সদরের বাসিন্দা।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর ২টার দিকে  জেলার গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশাকে ট্রাক চাপা দেয়। এতে এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

এদের মধ্যে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ ছাড়া ট্রাকের নিচে থাকা প্রাইভেট কার থেকে কারের চালক, দুই শিশুসহ আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত হয় আরও ১৭ জন।

১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম।

ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম জানান, দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত