‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেলের পক্ষে দেলোয়ারকে অপহরণ’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১৯ এএম

নাটোর জেলা নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরের মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা সুমন আহমেদ (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে তার জবানবন্দি দেওয়া হয়।

ওই জবানবন্দির তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের পক্ষ নিয়েই সুমনসহ অন্য আসামিরা দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করে।

নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করার কথা স্বীকার করেছেন সুমন। ওই নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফুল হাবীবের পক্ষ নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে সুমন স্বীকার করেছেন। জড়িত অন্যদের নামও বলেছেন। তবে তদন্তের স্বার্থে এ ঘটনায় জড়িত অন্যদের নাম বলতে অস্বীকৃতি জানান এই পুলিশ কর্মকর্তা।

গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে কয়েকজন যুবক প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করে। পরে মারধর করে মুমূর্ষু অবস্থায় দেলোয়ারকে তার গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে যায়।   এর সঙ্গে জড়িত অধিকাংশ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী। তারা সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক ও চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত