লাল কার্ডের পর হাতের ইঙ্গিতে যা বোঝাতে চেয়েছেন আরাউহো

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পিএম

চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগ হেরে (৪-১ গোল) চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। পিএসজির সঙ্গে দ্বিতীয় লেগে হারের অন্যতম কারণ রোনাল্ড আরাউহোর লাল কার্ড। এমনটি বলেছেন, ক্ষোদ বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

পিএসজির বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে রোনাল্ড আরাউহো মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। বাধ্য হয়েই লামিন ইয়ামালকে তুলে রক্ষণে ইনিগো মার্তিনেজকে নামান জাভি। তবুও সেই ধাক্কা সামাল দিয়ে উঠতে পারেনি কাতালানরা।

জাভির মতো বার্সা মিডফিল্ডার ইকাই গুনদোয়ানও মনে করেন বার্সার হারের কারণ ১০ জনের দলে পরিণত হওয়া। গুনদোয়ান বলেন, 'যদি সে (আরাউহো) ফাউল করে থাকে তবে এটি লাল কার্ড। আমি রিপ্লে দেখিনি। তবে আমি হলে তাকে (বারকোলোকে) যেতে দিতাম। যদি তিনি দৌঁড়ে বল ধরতে পারতেন সেটি গোলকিপার বাঁচাতে পারতো বা গোল নাও হতে পারতো। আগেই লাল কার্ড হজম করে খেলোয়াড় কমে যাওয়ায় ম্যাচটা শেষ হয়ে গেছে।'

গুনদোয়ানের মতো বার্সার সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি আরাউহোর লাল কার্ডকে দলের হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন।

বারকোলাকে আটকানোর চেষ্টায় বক্সের ভেতর ফাউল করে বসেন আরাউহো

ম্যাচ শেষে অবশ্য ক্ষমা চেয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার আরাউহো। তিনি ইন্সটাগ্রামে লেখেন, 'ফুটবল যা আমাকে অনেক কিছু দিয়েছে এখন আমাকে কষ্ট দিচ্ছে। যারা আমার পাশে আছেন, আমার সতীর্থ যারা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছেন এবং যে সমর্থকরা শেষ পর্যন্ত দলের উপর বিশ্বাস রেখেছিল তাদের ধন্যবাদ। আমি খুবই দুঃখিত আপনাদের জয় এনে দিতে না পেরে।'

আরাউহো যখন মাঠ ছাড়ছিলেন তখন হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন। তার হাতের ইঙ্গিতের অর্থ অনেকেই বোঝেননি। আরাউহো একজন উরুগুইয়ান। দক্ষিণ আমেরিকান ফুটবল সমর্থকরা আরাউহোর হাতের ইঙ্গিতের অর্থ জানিয়েছেন।

তারা বলছেন এটি (এমন ইঙ্গিত) দক্ষিণ আমেরিকান সংস্কৃতিতে আছে। চুরি হওয়া বোঝাতেই হাত দিয়ে এমন ইঙ্গিত করা হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলে। স্পেনের কিছু অঞ্চলেও এটি প্রচলিত আছে।

আরাউহো এমন হাতের ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন, তিনি ফাউল করেননি বা তার ফাউলটি লাল কার্ড দেখার মতো ছিল না।   

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত