ঝন্টুর দাম লাখ টাকা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:০০ পিএম

ঈদুল ফিতরের আমেজ শেষ না হতেই কোরবানি ঈদকে সামনে রেখে খামারি ও কৃষকরা দেশীয় পদ্ধতিতে গরু-ছাগল মোটাতাজাকরণের প্রস্তুতি নিচ্ছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় একটি ছাগলের দাম হাঁকা হয়েছে এক লাখ টাকা। প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার যমুনা পারি জাতের ওই ছাগলের মালিক উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ি গ্রামের আলাল উদ্দিন (৪৩)।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রদর্শনী মেলার একটি স্টলে গিয়ে দেখা গেল, স্টলের খুঁটিতে বাঁধা ছাগলটি তার মালিকের হাত থেকে কাঁঠাল গাছের পাতা খাচ্ছে। ছাগলের মালিক মো. আলাল উদ্দিন জানান, প্রায় তিন বছর আগে প্রতিবেশী এক ভাইয়ের কাছ থেকে আনুমানিক ৮ মাস বয়সী ওই যমুনা পারি জাতের ছাগলের বাচ্চাটি ৯ হাজার টাকায় কেনেন। আদর করে তার নাম রাখেন ঝন্টু। এরপর দুই বছর ধরে ঝন্টুকে লালনপালন করেন। এছাড়াও তার খামার আাকরে আরও কয়েকটি গরু-ছাগল রয়েছে।

মেলার স্টলে গিয়ে দেখা যায়, আকর্ষণীয় ঝন্টু দেখতে সাদা-বাদামি রঙের। পেটের মাঝখানে ও বড় দুটি শিং-এ একটি করে লাল ফিতা বাঁধা। গলায় পরানো হয়েছে লাল কাপড়ে কারুকাজ করা একটি মালা। বেশ বড় আকারের ছাগলটি দেখতে আলাল উদ্দিনের স্টলে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।ৰ

আলাল উদ্দিন বলেন, ছাগলটি পুষতে আমাকে প্রচুর খরচ করতে হয়েছে। এখন প্রতিদিন ঝন্টুর ১ কেজি ভূসি লাগে। ভাত ও ঘাস ছাড়াও অন্যান্য খাবার দিতে হয়েছে।

যমুনা পারি জাতের ছাগলের আগে তিনি আরও তিনটি ছাগল পালন করে কোরবানির ঈদে প্রতিটি ছাগল ভালো দামেই বিক্রি করেছেন। বর্তমানে যে ছাগলটি (ঝন্টু) আছে, তার ওজন ৯০ কেজি। তাই দাম চাইছেন এক লাখ টাকা।

আলাল আরও বলেন, আগে ছাগলের দাম কম ছিল। এখন ছাগলের দাম বেড়েছে। এখানে বিক্রি করতে না পারলেও কোরবানি ঈদে আশা করছি ছাগলটিকে (ঝন্টুকে) লাখ টাকা বিক্রি করতে পারব। ইতিমধ্যে ছাগলটি (ঝন্টুর) ৮০ হাজার টাকা দাম হয়েছে, কিন্তু বিক্রি করিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম বলেন, যমুনা পারি জাতের ছাগলের শরীরের গঠন সাধারণত লম্বাটে হয়। অনেকে খামার আকারে এ জাতের ছাগল পালন শুরু করেছেন। তাদের মধ্যে আলালউদ্দিন বেশ কয়েক বছর ধরে এ জাতের ছাগল পালন করছেন। এতে তিনি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত