বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আগামী রবিবার আয়োজন করতে যাচ্ছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংস্লিষ্ঠদের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেওয়া হবে স্বীকৃতি। ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দ্রুততম মানব ইমরানুর রহমান ও জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। এই তিনজনের মধ্য থেকে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে একজনের নাম ঘোষিত হবে রবিবারের অনুষ্ঠানে। ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সে অনুষ্ঠানে।
এছাড়া দর্শকের ভোটে একজন পাবেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। এই বিভাগের সংক্ষিপ্ত তালিকায় শান্ত, ইমরানুর ছাড়াও আছেন জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন ও নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। এই বিভাগের বিজয়ীর নামও ঘোষিত হবে অনুষ্ঠানের দিন। ২০২৩ সালে মোট ১৬টি বিভাগে সর্বমোট ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করবে বিএসপিএ।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সেরা খেলোয়াড় বাছাই উপ-কমিটির প্রধান পরাগ আরমান। এসময় উপস্থিত ছিলেন বিএসপিএ'র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান এবং বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বিএসপিএ ১৯৬৪ সালে ক্রীড়াক্ষেত্রে দেশের প্রথম পুরস্কারের প্রবর্তন করে। গেলো এক দশক ধরে পৃষ্ঠপোষক হিসেবে এই আয়োজনের সঙ্গে রয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্বনামধন্য ব্র্যান্ড কুল।
যারা মনোনয়ন পেয়েছেন
ক্রিকেটার (পুরুষ)- নাজমুল হোসেন শান্ত, ক্রিকেটার (নারী)- ফারজানা হক পিংকি; ফুটবলার- রাকিব হোসেন, অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) - ইমরানুর রহমান, বক্সার - সেলিম হোসেন, শুটার - কামরুন নাহার কলি, টেবিল টেনিস খেলোয়াড়- রামহিম লিয়ন বম, উদীয়মান ক্রীড়াবিদ - শেখ মোরসালিন (ফুটবল), সেরা দলগত সাফল্য - অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা - প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বর্ষসেরা কোচ - আলফাজ আহমেদ, বিশেষ সম্মাননা - মনজুর হোসেন মালু, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব - মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন কোচ), সেরা সংগঠক - হাবিবুর রহমান (কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক)।
