তীব্র তাপে পুড়ছে ৪ জেলা, আছে ঝোড়ো বৃষ্টির আভাস

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম

তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে দেশের চার জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। একই সঙ্গে দেশের কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। যা আগামী দিনেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের সঙ্গে আবহাওয়া অফিস ছয় বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে। অর্থাৎ এসব জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার ওপরে। এ ছাড়া খুলনা, সাতক্ষীরা, বরিশাল, দিনাজপুর, চাঁদপুর ও পটুয়াখালী জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, এই তিন দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ঝোড়ো বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। দেশের অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও যশোরে। এই দুই জেলায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়। যদিও গত দুই দিন ওই জেলায় ৪০.৭ ও ৪০.৬ ডিগ্রি তাপমাত্রা ছিল। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত