২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানিতে নাগেলসমান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম

আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের সম্ভাব্য নতুন কোচ হওয়ার দৌড়ে ইউলিয়ান নাগেলসমানের নাম শোনা যাচ্ছিল। তবে সেটা হচ্ছে না। জার্মান জাতীয় দলের কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নাগেলমান।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ। ৩৬ বছর বয়সী নাগেলসমানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা আজ শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।

গত বছরের সেপ্টেম্বরে জার্মানির কোচ হিসেবে হান্স ফ্লিকের বদলে দায়িত্ব নেন নাগেলসমান। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে শেষ হতো তার আগের চুক্তির মেয়াদ।

নাগেলসমানের কোচিংয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচের তিনটি জিতেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত