গাজীপুরে পল্লী বিদ্যুতের সব গ্রাহকদের স্মার্ট প্রি-পেইড মিটারের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ছায়াবীথি অফিসের অধীনে ৪১ হাজার স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে গাজীপুর সিটি করপোরেশনের সব গ্রাহককে স্মার্ট প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে। গত বৃহস্পতিবার শহরের একটি ভবনে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়।
শহরের জোড়পুকুর ছায়াবীথি এলাকায় তাজভবনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব হাসমত আরা, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার আজাদ, ডিজিএম (টেকনিক্যাল) জাহিদুল ইসলাম, ডিজিএম (ছায়াবীথি) আহম্মদ শাহ আল জাবির প্রমুখ।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার আজাদ জানান, গাজীপুর পবিস-১ -এর ছায়াবীথি জোনাল অফিসের অধীন ৪১ হাজার স্মার্ট প্রে-পেইড মিটার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ মোট গ্রাহক সংখ্যা ৬ লাখ ২৩ হাজার ১৪৫ জন। স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে ৭৬ হাজার। যা শতকরা হার ১২ দশমিক ২০ ভাগ। পর্যায়ক্রমে গাজীপুর সিটি করপোরেশন আওতাভুক্ত সব গ্রাহককে স্মার্ট প্রি-পেইড মিটারের আওতায় আনা হবে। এ জন্য তিনি সব গ্রাহকের সহযোগিতা কামনা করেন। তিনি স্মার্ট প্রি-পেইড মিটারের নানা সুবিধার কথা গ্রাহকদের কাছে তুলে ধরেন।
