আক্রমণভাগের মূল অস্ত্র ব্রাজিলিয়ান রবসন রবিনহোকে বিশ্রাম দিয়ে শনিবার একাদশ সাজিয়েছিলেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। স্বদেশী সতীর্থের অনুপস্থিতিতে মূল দায়িত্ব ছিল মিগেল ফিগেইরার। এই ব্রাজিলিয়ানের গোলেই জয়ের ধারায় থেকে গেছে বসুন্ধরা কিংস। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাগতিক ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশম জয় তুলে নিয়েছে থাকা কিংস।
এই জয়ে ১২ ম্যাচে কিংসের সংগ্রহ দাঁড়ালো ৩১ পয়েন্ট। ময়মনসিংহে ব্রাদার্সকে বড় ব্যবধানে হারানো মোহামেডানের সঙ্গে ব্যবধানটা পাঁচ পয়েন্ট রাখতে পেরেছে টানা চারবারের শিরোপাধারীরা।
ম্যাচের ২৩ মিনিটে জয়সূচক গোলটি পায় বসুন্ধরা কিংস। রাকিব হোসেন ডান দিক দিয়ে বল নিয়ে আক্রমনে উঠে মিগেলকে দেন। মিগেল বল দেন স্বদেশী সতীর্থ ডরিয়েলটনকে। আলতো ব্যাক হিলে ডরিয়েলটন বল ফেতর দেন মিগেলকে। বক্সের বাইরে থেকে চলতি বলে মিগেলের মাপা শট ফর্টিস কিপারকে সুযোগ না দিয়ে জালে জড়ায়।
চলমান তাপদাহের কারণে ম্যাচে বাকীটা সময় কিংসকে সেভাবে আগ্রাসী রূপে খেলতে দেখা যায়নি। ফর্টিসও সেভাবে পারেনি কিংসের রক্ষণ ভাঙতে। তাই আরেকটি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেন কিংস।
