শিল্পী সমিতির নেতা হিসেবে কখনোই সমালোচিত হইনি

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:০০ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর।

শনিবার সকালে ফলাফল ঘোষণার পর নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমরা শিল্পী, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিষয়টা আমরা মনেপ্রাণে চাই। আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে। আজকের এই নির্বাচন নামেমাত্র একটি নির্বাচন। সত্যিকার অর্থে আমরা এক পরিবার। নির্বাচনের ফলাফল শেষে নিপুণ যেভাবে নতুন কমিটিকে বরণ করে নিয়েছেন তাতে আমরা সত্যিই গর্বিত, এটা নজির হয়ে থাকবে। আমরা নিপুণসহ বিজয়ী হতে না পারা সবাইকে নিয়ে একসঙ্গে আমাদের কাজ চালিয়ে যাব।’

মিশা সওদাগর বলেন, আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ। চলচ্চিত্র শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে এবং প্যানেলকে ভোট দিয়ে ভালোবাসা দেখিয়েছেন। শিল্পীরা যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসার প্রতিদান দেব। তাদের এই ভালোবাসা চিরকাল হৃদয়ে থাকবে।

সভাপতি হিসেবে প্রথম দায়িত্ব কী হবে, এমন প্রশ্নে তিনি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি একটি পরিবার। প্রথমে আমরা একটি সুন্দর মন্ত্রিসভা উপহার দেব। তারপর চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করব। শিল্পীদের চাহিদাকে অগ্রাধিকার  দেব।

এছাড়াও ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, ‘আপনাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আপনারা পাশে ছিলেন বিধায় এ সাফল্য অর্জন করতে পেরেছি। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে বিনম্র শ্রদ্ধা, সম্মান।’ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা আরও লিখেছেন, ‘আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। ভালো থাকুন সুস্থ থাকুন।’

ভোটের আগে মিশা সওদাগর বলেছিলেন, ‘ডিপজল, মাসুম পারভেজ রুবেল এবং আমি আমাদের তিনজনেরই সেক্রেটারি হওয়ার অভিজ্ঞতা আছে। নতুন, পুরনো এবং সমসাময়িক যারা আছেন তাদের সঙ্গে নিয়ে অসম্ভব সুন্দর একটা টিম নিয়েছি। এর আগে দুইবারের সফল সভাপতি ছিলাম আমি। আমি সভাপতি থাকাকালে কোনো সময়েই সমালোচিত হওয়ার মতো কোনো কিছু করিনি। সেক্রেটারি হোক বা সভাপতি, শিল্পী সমিতির নেতা হিসেবে আমি কখনোই সমালোচিত হইনি।’

তিনি আরও বলেছেন, ‘বাংলা চলচ্চিত্র কীভাবে বাঁচাতে হয় সেটা সরকারও চায়, আমরাও চাই। এটা নিয়ে আমরা বসব, আলাপ-আলোচনা করব। গত নির্বাচনে শিল্পীদের কলুষিত যে একটা ব্যাপার ঘটেছে সেটার একদম বিপরীত একটা অনুভূতি যেন দর্শক ও জাতি পায় সেজন্য শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া দরকার ছিল এবং আমরা সেটাই চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত