বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কঠিন দুঃসময় চলছে। শত নির্যাতন-নিপীড়ন সহ্য করে, জীবন দিয়েও ‘দানব সরকারকে’ সরানো যাচ্ছে না। তাই প্রয়োজন এখন সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়া। গতকাল শনিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণসভা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
গত বছরের ১১ এপ্রিল ধানম-ির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরুল্লাহ চৌধুরী।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ঐক্যের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি কিন্তু সেই চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই এখন। যার জন্য প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী লড়াই করছিলেন। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই তাহলে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলীয়ান হয়ে জাফরুল্লাহ চৌধুরীর অনুপ্রেরণায় আমাদের বেরিয়ে আসতে হবে।’
