বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন শেখ। আগামী দুই বছর তিনি নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন। গত বছর নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে কাজ করলেও এবার এসেছেন পূর্ণাঙ্গ মেয়াদের দায়িত্ব নিয়ে।
তার নিয়োগের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া বিভাগ।
বিসিবি সূত্র জানিয়েছে, আগামী মাসের জিম্বাবুয়ে সিরিজ থেকে মহসিন কাজ শুরু করবেন। জানা গেছে, আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি। এর আগে গত বছর নিউ জিল্যান্ড সফরের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিতে শান্তদের অ্যানালিস্ট হিসেবে কাজ করেন তিনি। ওই সফরে নিউ জিল্যান্ডে প্রথমবার একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি জেতে বাংলাদেশ। সেবার দায়িত্ব দেওয়ার আগেই জালাল ইউনুস আভাস দিয়েছিলেন, পূর্ণাঙ্গ মেয়াদে রেখে দেওয়া হতে পারে মহসিনকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। আগামী রোববার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে। শেষ দুটি হবে মিরপুরে।
