রাজধানীর রূপনগরে একটি বস্তিতে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে। যৌন নির্যাতনের শিকার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, ওই কিশোর বিয়ের দাওয়াতে রাজশাহী থেকে রাজধানীর রূপনগরের তার চাচার বাসায় বেড়াতে এসেছে। সেখানকার ভাড়াটিয়া ওই শিশুটির পরিবার। দুপুরে ওই শিশুটিকে ফুসলিয়ে ওই কিশোর গ্যারেজে নিয়ে অভিযুক্ত কিশোরেরই চাচার প্রাইভেটকারের ভেতরে যৌন নিপিড়ন করে।
তিনি আরও জানান, এই ঘটনার পর শিশুটি মারা গেছে বলে স্থানীয়রা গুজব ছড়ায়। এরপর ওই কিশোরের উপর হামলা চালায়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসারা জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। নির্যাতনের ঘটনায় ১২ বছরের ওই কিশোর আটক করে থানা নিয়ে আসা হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
