বর্তমান সরকারকে ‘ডামি’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন-সংগ্রামে জনগণ আরও বেশি বলীয়ান হয়ে উঠেছে। দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে।’
গতকাল রবিবার দলটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিন বলেন, ‘৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করেছে আওয়ামী লীগ। এখন দখলদার আওয়ামী অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান করছে। আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে।’ তার দাবি, সেই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও দিনাজপুরের একাধিক নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।’ সারা দেশে ‘আদালতকে দিয়ে’ এভাবে প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগে’ করা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন ফখরুল।
