দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন শরিফুল

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:০২ পিএম

দুধের স্বাদ ঘোলেই মেটাতে হচ্ছে শরিফুল ইসলামকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনৌ সুপার জায়ান্টস এর হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের এই বামহাতি পেসার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়াতে আইপিএলে খেলা হয়নি শরিফুলের, এই সময়টায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলছেন আবাহনী লিমিটেডের হয়ে। সুপার লিগে দলের  প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর শরিফুল জানালেন, আইপিএলে মোস্তাফিজুর রহমানের খেলা দেখাটা মিস করেন না।

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ। লখনৌতে খেলতে পারলে হয়তো প্রতিপক্ষ হিসেবেই পেতেন শরিফুল। সেই বন্দোবস্ত যখন হয়নি, তখন দর্শক হয়েই মোস্তাফিজের বোলিং দেখছেন শরিফুল, 'অবশ্যই প্রতিটা ম্যাচ দেখি। ওনার  প্রতিটা বলই দেখি। ওনার সঙ্গে ম্যাচের পরের দিন কথা হয়।'

আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে তিন উইকেট নেন শরিফুল

শরিফুল মনে করেন, বাংলাদেশ জাতীয় দলে খেলার চেয়ে আইপিএলটাই বেশি উপভোগ করেন মোস্তাফিজ, ' মোস্তাফিজ ভাই আইপিএলটা বেশি এনজয় করেন কারণ আইপিএলে প্রেশারটা একটু কম। বাংলাদেশে হয়তো চাওয়াটা একটু বেশি থাকে। খারাপ হলে তো অনেক প্রেশার পরে। তাই।' শরিফুলের মনে হয়েছে, গত কয়েক বছর ধরে মোস্তাফিজের ভালো পারফরম্যান্সের কারণে তার ওপর প্রত্যাশার চাপ জেঁকে বসেছে, ' মোস্তাফিজ ভাই তো আইপিএলে ভালো বোলিং করছে, গত এক দুইটা ম্যাচ বাদ দিলে। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে । উনি গত কয়েক বছর ধরে উনি ভালো করছেন, উনি অনেক ভালো করছেন তবে সবার প্রত্যাশা মতো হচ্ছে না অনেক সময়।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত