অ্যাপল শিগগিরই তাদের ম্যাপস অ্যাপে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। তবে শুরু থেকেই গুগল ম্যাপসের মতো সব ধরনের বিজ্ঞাপন দেখানোর পরিবর্তে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে কঠোর নীতিমালা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, তালা-চাবি, এসি মেরামত, পেস্ট কন্ট্রোল, ছাদ সংস্কার কিংবা অন্যান্য গৃহস্থালি সেবার কোনো বিজ্ঞাপন অ্যাপল ম্যাপসে অনুমোদন পাবে না।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞাপন নীতিমালায় অ্যাপল জানিয়েছে, স্থানীয় কফি শপ, রেস্তোরাঁ, দোকান, বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোর মতো ব্যবসাকে বিজ্ঞাপনের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি রাজনৈতিক, মাদক-সংক্রান্ত, বিভ্রান্তিকর, মানহানিকর, অবৈধ কর্মকান্ডে উৎসাহ দেয় এমন কনটেন্ট এবং ক্রিপ্টোকারেন্সি এটিএম-সংক্রান্ত বিজ্ঞাপনও নিষিদ্ধ থাকবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ম্যাপসকে শুধু নেভিগেশন অ্যাপ নয়, নতুন জায়গা ও অভিজ্ঞতা আবিষ্কারের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায় অ্যাপল। তাই ব্যবহারকারীরা যখন কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেবেন, ঠিক সেই সময় প্রাসঙ্গিক স্থানীয় ব্যবসার বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে এ সেবা যুক্তরাষ্ট্র ও কানাডায় চালুর পরিকল্পনা থাকলেও নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, অ্যাপ স্টোরে বিজ্ঞাপন সম্প্রসারণের পর এবার ম্যাপস থেকেও নতুন আয়ের সুযোগ তৈরি করতে চাইছে অ্যাপল। অতিরিক্ত বিজ্ঞাপনে প্ল্যাটফর্মকে ভারী না করে সীমিত ও মানসম্মত বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য পরিচ্ছন্ন অভিজ্ঞতা বজায় রাখাই কোম্পানির মূল লক্ষ্য।