কুমিল্লার দাউদকান্দি

বাসচাপায় শিশুসহ ৪ পথচারী নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৯:২৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অজ্ঞাত বাসচাপায় চার পথচারী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মহাসড়কের রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আবু সেলিম রেজা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা তিতাস উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, নিহতরা সবাই একই পরিবারের।

তিনি জানান, এক শিশুসহ তিন নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী মারা গেছেন। এ ঘটনায় শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত