টেকনাফ থেকে মাদক আনান মাসুদ, বিক্রি করান স্ত্রীকে দিয়ে

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মাসুদ, তার স্ত্রী তানিয়া এবং তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০৫টি ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন জব্দ করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আটক পাঁচজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার বিকেলে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাসুদ মৃধা (৩২), তার স্ত্রী তানিয়া বেগম (২৪), একই এলাকার রবিউল ইসলাম ওরফে রাসেল মৃধা (৩৫), বাগেরহাটের নজরুল ইসলাম জসিম (২৭) ও দিনাজপুরের আক্তার হোসেন (৩৫)। এর মধ্যে মাসুদ ও তানিয়া দম্পতি আশুলিয়ার ছনটেকি এলাকার আইয়ুব আলীর বাড়িতে ভাড়া থেকে মাদক সরবরাহ ও পাইকারি বিক্রি করতেন। বাকিরা তাদের সরবরাহকৃত মাদক আশুলিয়ার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন।

পুলিশ জানায়, টেকনাফ থেকে শুঁটকিসহ বিভিন্ন কাঁচামালের মধ্যে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য লুকিয়ে আশুলিয়ায় নিয়ে আসতেন মাসুদ। স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ ফ্ল্যাটে বসে সেই মাদক প্যাকেজিং করতেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অনেক সময়ই স্ত্রী তানিয়াকে দিয়ে খুচরা ক্রেতা বা সেবনকারীদের কাছে মাদক সরবরাহ করাতেন মাসুদ।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট মাসুদ-তানিয়া দম্পতিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০৫টি ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। মাসুদের বিরুদ্ধে সাভার, আশুলিয়াসহ বিভিন্ন থানায় মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায় তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না আমরা তদন্ত করে দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত