রুমির প্রয়াণে শোকাচ্ছন্ন শোবিজ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫১ এএম

মারা গেছেন ছোটপর্দার সমাদৃত অভিনেতা অলিউল হক রুমি। গতকাল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনেতা কোলন ক্যানসারে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়। এরপর দেশে চলছিল তার চিকিৎসা। কিন্তু চতুর্থ স্টেজের ক্যানসারের কাছে হার মানলেন এই অভিনেতা। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

অভিনেতা চঞ্চল চৌধুরী  নিজের ফেসবুকে লিখেছেন, ‘ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন, আপনাকে দেখতে যাব। আর দেখা হলো না। এ কেমন বিদায় রুমি ভাই! নিয়তির কাছে সকলেই হার মানে, মানতে হয়। তবে আপনি একটু তাড়াতাড়িই চলে গেলেন। অন্যলোকে শান্তিতে থাকুন রুমি ভাই। শ্রদ্ধা এবং ভালোবাসা।’

শোকাহত হয়েছেন জিয়াউল ফারুক অপূর্বও। ফেসবুকে রুমির একটি ছবি পোস্ট করে  লিখেছেন, ‘টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ওয়ালিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করবেন।’ কালো রঙের ব্যাকগ্রাউন্ড দিয়ে অভিনেত্রী শারমিন জোহা শশী লেখেছেন, ‘রুমি ভাই... যাত্রা শুভ হোক।’

অভিনেত্রী রোজী সিদ্দিকী লিখেছেন, ‘আহা রুমি ভাই। বিদায় বন্ধু সহযাত্রী। আল্লাহপাক আপনাকে বেহেশত নসীব করুন।’ অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘রুমি ভাই...।’

বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করেছেন রুমি। ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতার।

তার উল্লেখযোগ্য নাটক হলো ‘ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি। বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত