লিগ খেলে পরে জিম্বাবুয়ে সিরিজ খেলবেন সাকিব

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪৯ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে শুরু ৫ টি-টোয়েন্টির সিরিজের শুরুর তিনটা ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান, এমনটাই আভাস দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রধান নির্বাচক জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের শুরুর দিকে সাকিবকে দলে পাওয়ার সম্ভাবনা কম। প্রথম ম্যাচে থাকবেন না মোস্তাফিজুর রহমানও।

মঙ্গলবার দুপুরে একটি বার্তার মাধ্যমে জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য বাছাই করা ১৭ ক্রিকেটারের নাম জানায় বিসিবি। ২৬ থেকে ২৮ এপ্রিল চটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া এই ক্যাম্পের জন্য বাছাই করা খেলোয়াড়দের ভেতর মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের নাম নেই। এই প্রসঙ্গে প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং একটা সম্ভাবনা আছে যে ঢাকা প্রিমিয়ার লিগে একটা দুটো ম্যাচে খেলবেন। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। তারপর কিছু তো ক্রিকেটিং স্কিলের অনুশীলনের সুযোগ থাকবে, তিনি যেভাবে চান, টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়। তারপরে আমরা চাইব যেহেতু ৫টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান।’

মে মাসের ৩, ৫ ও ৭ তারিখে চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ হবে, ঢাকায় বাকি দুটো ম্যাচ ১০ এবং ১২ মে। সাকিব চট্টগ্রাম পর্বে থাকছেন না এমনটাই আভাস দিয়েছেন লিপু, ‘আমরা দলটা ২৮ তারিখে দেব, তখনই আপনারা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে তিনি (সাকিব) কয় ম্যাচের জন্য অ্যাভেইলেবল থাকছেন এবং কয়টার জন্য অ্যাভেইলেবল থাকছেন না।’

মোস্তাফিজুর রহমানকেও প্রথম ম্যাচে একাদশের বাইরেই দেখছেন লিপু। আইপিএল খেলার জন্য মোস্তাফিজের ছাড়পত্র ১ মে পর্যন্ত। প্রধান নির্বাচক বলেছেন, ‘আমার মনে হয় অন্তত প্রথম ম্যাচে আমরা তাকে পাচ্ছি না। কারণ তিনি আসবেন, এরপর আমাদের মেডিকেল টিমের একটা স্ক্রিনিং প্রসেসের মধ্য দিয়ে তাকে যেতে হবে। এরপর তার সঙ্গে আমাদের কথা হবে, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস তিনি হয়তো প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকবেন না।’

প্রস্তুতি ক্যাম্পে ১৭ জনের সঙ্গে সাকিব-মোস্তাফিজকে যুক্ত করে দলটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলের জন্য প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তার ভাষায়, ‘যদি কোনো দুর্ভাগ্যজনক উদাহরণ আসে, যেমন কোনো অফ স্পিনার চোটে পড়ে, তাহলে মেহেদী হাসান মিরাজ আছেন। তার যথেষ্ট টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে, কোচের দিকনির্দেশনা সম্পর্কেও তিনি জানেন। সে রকম দু-একজন হয়তো বাইরে

থাকবেন (আপাতত), যাদের ঠিক প্রয়োজন নেই। (বিশ্বকাপের মূল দলের জন্য) মূলত এই দলটা প্রাধান্য পাবে বলতে পারেন।’

মিরাজকে রাখা না হলেও নির্বাচকদের নজরে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। তাকে নিয়ে গাজী আশরাফ বলেছেন, ‘দিন শেষে পারফরম্যান্স একটা বড় বিষয়। সাইফউদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে আছেন। আবার বোলিংয়ে তার প্রতিদ্বন্দ্বী আছে। তাই জিম্বাবুয়ে সিরিজটি তার স্বরূপে ফেরার জন্য বড় একটি সুযোগ। তাকে নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পাওয়া সৌম্য সরকার এখনো সেরে না উঠলেও এই দলে আছেন।

প্রস্তুতি ক্যাম্পের ১৭ জন : নাজমুল হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত