নারীর গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় কমিটি। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে প্রচারিত কিশোর-কিশোরী ক্লাব সম্পর্কিত নেতিবাচক রিপোর্টটি তদন্তের মাধ্যমে ভুল প্রমাণিত হওয়ায় চ্যানেলটির সিইওকে চিঠি দেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), আব্দুল আজিজ, শাহিদা তারেখ দীপ্তি, পারুল আক্তার, তাহমিনা বেগম, মোহাম্মদ জিল্লুর রহমান, রেজিয়া ইসলাম এবং সাবেরা বেগম বৈঠকে অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্যারাটে প্রশিক্ষণ কার্যক্রমটি বেগবান করতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিপিপি আরও বাস্তবসম্মত করা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধের আইন-সংবলিত প্রচারণা বৃদ্ধির সুপারিশ করা হয়।
