আর্সেনালে বিদ্ধস্ত চেলসি ‘হাল ছেড়ে দিয়েছিল’, পচেত্তিনোর দাবি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫১ এএম

ম্যাচ শুরুর আগে মরিসিউস পচেত্তিনো বলেছিলেন, ‘এটা চেলসি ফুটবল ক্লাব, কোল পালমার ক্লাব নয়।’ ২৪ ঘণ্টার ব্যবধানে প্রমাণ হয়ে গেছে পালমার ছাড়া চেলসি কতটা অসহায়। আর্সেনালের বিপক্ষে গতকাল রাতে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়ে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। লন্ডন ডার্বিতে ৩৮ বছরের মধ্যে চেলসি কখনো এত বড় ব্যবধানে হারেনি। শেষ দিকে চেলসির খেলা দেখে বোঝা গেছে, বল দখলে রেখে তারা শেষ বাঁশি বাজার অপেক্ষায়। যা দেখে গ্যালারিতে এক চেলসি সমর্থকের লেখা ব্যানারে ভেসে উঠে, ‘আমি তোমাদের জার্সি চাই না। আমি চাই তোমরা আমাদের হয়ে লড়ো।’

তবে গোটা মৌসুমজুড়েই চেলসি এই লড়াইটা করতে পারেনি। ৩২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে চেলসি। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট আর্সেনালের। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল। তৃতীয় ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩২ ম্যাচে ৭৩। অসুস্থতার কারণে নিজেদের সর্বোচ্চ স্কোরার কোল পালমারকে পায়নি চেলসি। কিন্তু এত বড় হারের পেছনে এই ব্যাখ্যা চলে না। কারণ পয়েন্ট টেবিল তার প্রমাণ।

এই ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের জালে মাত্র একটি শট রাখতে পারা, যেখানে আর্সেনালের খেলোয়াড়েরা রেখেছেন ১০টি শট—এমন পারফরম্যান্সের পর চেলসি কোচ পচেত্তিনোর ব্যাখ্যা কি হতে পারে? সংবাদ সম্মেলনে পচেত্তিনো স্বীকার করেছেন, তার খেলোয়াড়েরা ‘হাল ছেড়ে দিয়েছিল।’

ছবিতেই যেন ফুটে উঠে চেলসি কোচের হতাশা।

এমন হারের ব্যাখ্যায় পচেত্তিনো বলেন, ‘আমি ফুটবল খেলেছি। বড় মাপের এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে এমন পরিস্থিতি পার করেছি। ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতাদের সঙ্গে খেলেছি। মৌসুমের কোনো কোনো সময় এমন কিছু ঘটতেই পারে এবং তখন বলাই যায়, এসব খেলোয়াড়েরা শীর্ষ পর্যায়ের হলেও হাল ছেড়ে দিয়েছিল। কখনো কখনো প্রতিপক্ষ, নিজেদের ইচ্ছাশক্তির অভাব এবং পরিস্থিতি থেকে কোনো কিছুই তুলে নেওয়ার না থাকলে ম্যাচেও ইতিবাচক কিছু খুঁজে পাওয়া যায় না। তখন এমন কিছু ঘটতে পারে। আমি নিশ্চিত ব্যাপারটা অন্য দলগুলোর ক্ষেত্রেও ঘটবে।’

বার্সেলোনা থেকে পিএসজিতে ধারে খেলার সময় পচেত্তিনোকে সতীর্থ হিসেবে পেয়েছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। স্প্যানিশ এই কোচ তখন পচেত্তিনোকে ‘পিতৃতুল্য’ হিসেবে সম্বোধন করতেন।

এমন এক ব্যক্তিত্বের বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার পর সমবেদনাই প্রকাশ করলেন আরতেতা, ‘তার জন্য আমার সব রকম সমবেদনা রইল। তিনি দারুণ কাজ করছেন। (চেলসি) দলটার দিকে তাকালে এবং (মাঠে) প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করলে বুঝবেন, অনেক ম্যাচেই জয়টা তাদের প্রাপ্য ছিল, বড় দলগুলোর বিপক্ষেও জয় প্রাপ্য ছিল তাদের। আশা করি পরিস্থিতি তার পক্ষে চলে আসবে এবং যেটা প্রাপ্য সেটাই তিনি পাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত