নারায়ণগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে স্ত্রীর নারী নির্যাতন মামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তার দ্বিতীয় স্ত্রী সুলতানা বেগম, যার মামলা নং- ৩৪ (৪)।

জানা গেছে, ১৯৯৮ সালে নাসিক ২৭নং ওয়ার্ডের ১নং ঢাকেশ্বরী এলাকার নুরুল ইসলামের মেয়ে সুলতানা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন মুছাপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন। বিয়ের পর ইসরাত জাহান শ্রাবন্তী নামে এক কন্যা সন্তান হয় তাদের। তবে দীর্ঘ দিন যাবত মাকসুদ চেয়ারম্যানের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর বনিবনা হচ্ছিল না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল মাকসুদ হোসেন তার কয়েকজন বন্ধুদের নিয়ে রাত ১১ টায় মামলার বাদী ও তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যায় এবং ২০২২ সালের একটি যৌতুক মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এ সময় স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। চেয়ারম্যান মাকসুদ তার দ্বিতীয় স্ত্রীকে ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে টাকা দিতে বলে। সেইসাথে পূর্বের যৌতুকের মামলা তুলে নিতে বলেন।

মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মাকসুদ উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যে স্ত্রীর দিকে তেড়ে আসেন। এ ঘটনায় তাদের মেয়ে শ্রাবন্তী বাধা দিলে তাকে লাথি দিয়ে সরিয়ে দেন এবং স্ত্রীকে মারধর শুরু করেন। পরে মাকসুদ তার দ্বিতীয় স্ত্রীর গলায় পাড়া দিলে আবারও মা’কে বাঁচাতে আসেন তাদের মেয়ে শ্রাবন্তী। পরবর্তীতে দুজনকেই মারধর এবং ‘যৌতুক দিবি না আবার মামলা করবি, মেরে মাটিতে পুঁতে ফেলব’ বলে হুমকি দেন মাকসুদ। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আদালত বাদীর কাছ থেকে লিখিত আবেদন পেয়ে বন্দর থানায় মামলা রুজু করার নির্দেশনা দিয়েছেন। সে মতে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আজ সকালে বন্দর থানায় মামলা রেকর্ড হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত