দেড় বছরের ছেলেসহ ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৫৪ এএম

পারিবারিক কলহের জেরে দেড় বছর বয়সী ছেলেকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক নারী। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ কাজীগাঁও এলাকায় ছেলে আবদুর রহমানকে নিয়ে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তাহমিনা আক্তার (২৪) নামের ওই নারী। পরে ঘটনাস্থল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, তাহমিনা হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের দেওয়াঞ্জি বাড়ির মো. রফিকুল ইসলামের মেয়ে। ২০১৯ সালে একই উপজেলার সন্না গ্রামের হাওলাদার বাড়ির মো. মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে বিয়ে হয় তার। তাদের মুনতাহা (৪) নামে একটি মেয়েও আছে। অবশ্য চলতি বছরই তাদের বিচ্ছেদ হয়।

স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, বিয়ে বিচ্ছেদের পর তাহমিনা মানসিকভাবে ভেঙে পড়েন। গত ২৮ মার্চ তার স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগও দেন। অভিযোগের পর স্বামী দেশে এলেও কোনো সুরাহা না পাওয়ায় গতকাল তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন।

অভিযোগ থেকে জানা গেছে, বিয়ের পরে বাবার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়ে স্বামীকে কুয়েত পাঠান তাহমিনা। পরে তিনি বাবার বাড়িতেই থাকতেন। কিন্তু তার স্বামী তাকে বাবার বাড়ি না থেকে অন্যত্র থাকতে বলেন। যে কারণে তিনি হাজীগঞ্জ মকিবাদ চৌধুরীপাড়া দুই সন্তানকে নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। সেখানে থাকা অবস্থায় স্বামী তাকে নানা অপবাদ দিয়ে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালমন্দ করতেন এবং তাদের ভরণপোষণ দিতেন না। পরে বিদেশে থেকেই তাহমিনাকে তালাক দেন। গত ১৮ এপ্রিল মাসুদুজ্জামান হাওলাদার দেশে আসেন  এবং আবার তাকে বিয়ে করতে চান। এ ছাড়া স্বামী-স্ত্রীর বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন বলেও হুমকি দেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সুরাহার জন্য স্থানীয় ইউপি সদস্যসহ অভিযুক্ত মাসুদুজ্জামান পরিবারের সঙ্গে বসার চেষ্টা করা হয়। কিন্তু তারা রাজি হননি। এ কারণে বিষয়টি নিয়ে কোনো সুরাহা করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত