যে কারণে বার্সা ছাড়ার সিদ্ধান্ত পাল্টালেন জাভি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পিএম

চুক্তি শেষের এক বছর আগেই বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পাল্টেছেন জাভি হার্নান্দেজ। এর পেছনে কারণ হিসেবে তিনি বলেছেন, খেলোয়াড়রা তাকে আশ্বস্ত করতে পেরেছেন, যে তারা জয় এনে দিতে পারবে। 

'আমার খেলোয়াড়সহ অনেকেই আমাকে বিশ্বাস জুগিয়েছেন যে এটা শেষ হয়ে যায়নি', বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাভি বলেছেন এ কথা। 

চলতি মৌসুমের পর শৈশবের ক্লাব ছাড়ার গত জানুয়ারির সিদ্ধান্ত পাল্টাতে বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা, স্পোর্টিং ডিরেক্টর ডেকোর  সঙ্গে ঐক্যমত্যে পৌঁছানোর একদিন পর এ কথা বললেন জাভি। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জাভি বলেন, এই দলের উন্নতিটাই মূল বিষয়। এবং তিনি বিশ্বাস করেছেন দলটির এগিয়ে যাওয়ার 'শক্তি আছে'।

স্প্যানিশ কিংবদন্তি বলেন, তিনি সব সময় দল ও ক্লাবের ভালোকে প্রাধান্য দিয়ে থাকেন। একসময় তিনি ভেবেছিলেন যে তার দলের একটি নতুন ভাবনার প্রয়োজন, কিন্তু এখন তিনি মনে করেন যে তিনিই সাফল্য এনে দিতে পারবেন। 

থেকে যাওয়ার পেছনের অর্থকড়ির ব্যাপার আছে, এমন ধারণাকে অস্বীকার করে জাভি বলেন, 'ক্লাব সভাপতি জানেন যে আমি যদি আমার চুক্তির শেষ বছরটা না থাকতাম, তবে এক ইউরোও চাইতাম না।'

রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ ব্যবধানে হেরে লা লিগা শিরোপা দৌড় থেকে ছিটকে পরার তিন দিন পরেই বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জাভি। এক সপ্তাহ আগে, প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নেয় বার্সেলোনা। তবে জানুয়ারিতে জাভির অপ্রত্যাশিত ঘোষণার পর বার্সেলোনা কিছুটা উন্নতি দেখিয়েছে। পিএসজির কাছে হারের আগে টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল গতবারের লিগ চ্যাম্পিয়নরা। 

জাভি বলেছেন, 'আমি মনে করি না এখানে আমার সময় শেষ এবং আমি বিশ্বাস করি যে আমরা সফল হতে পারব। আমি এ ব্যাপারে নিশ্চিত এবং গত তিন মাসে তা আমি বুঝতে পেরেছি। আর যেহেতু মন পরিবর্তন একজনের জ্ঞানের লক্ষণ, তাই আমি আমার মন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত