বার্সেলোনার ডাগআউটে চুক্তির মেয়াদ পূর্ণ করবে জাভি হার্নান্দেজ। আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাভি। বার্সেলোনা কোচের এই সিদ্ধান্ত বদল সঠিক বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে লিগ শিরোপা জিততে যাচ্ছে রিয়াল। আগামীকাল তাদের খেলা রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। তার আগে সংবাদ সম্মেলনে জাভিকে নিয়ে কথা বলেছেন রিয়াল কোচ।
জাভির সিদ্ধান্তের বিষয়ে আনচেলত্তি বলেন, 'আমি মনে করি, বার্সেলোনায় জাভি ভালো কাজ করছে। এই ক্লাবকে সে খুব ভালোভাবে জানে এবং আমার মতে, তার থেকে যাওয়ার সিদ্ধান্ত সঠিক।'
বারবার চলে যাওয়ার কথা বলে সিদ্ধান্ত বদলে চুক্তি পূরণ করতে চাওয়াটা কথার বরখেলাপ কিনা, এমন প্রশ্নে আনচেলত্তি বলেন, 'মানুষের সিদ্ধান্ত বদলকেও আমাদের শ্রদ্ধা করতে হবে। এটা লিখিত কোনো বিষয় নয়। ক্যারিয়ারে আমি কতবার সিদ্ধান্ত বদল করেছি? এমনটা করা যায়।'
