চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:২১ এএম

নারী সাফ ফুটবলে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চলতি বছর ফের হবে নারী সাফের আসর। গতবার আয়োজক ছিল নেপাল, এবার বাংলাদেশ। এবার নারী সাফ শুরুর সম্ভাব্য তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে আগামী অক্টোবরে হতে পারে।

নারী ফুটবল দল সামনের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ‘আমরা সব ফিফা উইন্ডোতেই মেয়েদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছি। চেষ্টা বললে ভুল হবে, অনেক বেশি চেষ্টা করেছি। তবে ব্যাটে-বলে মেলেনি। জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলব। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজিত হবে।’

কিরণ আরও জানান, জুলাইতেও জাতীয় দলের ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিরণ বলেন, ‘এ ম্যাচ দুটিকে আমরা সাফের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছি। এ ছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করব।’ গত বছর ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজ খেলেছিল বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত