মুন্সীগঞ্জ সদরে ব্যাটারিচালিত অটোরিশকার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম হুমায়রা আক্তার।
শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মদিনা বাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু হুমায়ারাকে কোলে নিয়ে মদিনা বাজার সড়কে দাঁড়িয়ে ছিলেন মা হাবিবা বেগম। এসময় পৃথক দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। সেখানকার একটি অটোরিকশা এসে মা হাবিবাকে ধাক্কা দেয়। এতে তার কোলে থেকে শিশু সন্তান ছিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ওই শিশুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা দুটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
