এপ্রিলে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪২ এএম

মাসের তিন দিন বাকি থাকতেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ রোগীর রেকর্ড হলো চলতি এপ্রিলে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের ২৭ দিনে রোগীর সংখ্যা দাঁড়াল ৪২১ জন। এতে গত দুই মাসকে ডিঙিয়ে চলতি মাসে বছরের দ্বিতীয় সর্বোচ্চ রোগীর রেকর্ড হয়েছে। এ বছরের গত মার্চে রোগী ছিল ৩১১ ও ফেব্রুয়ারিতে ৩৩৯ জন। এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে জানুয়ারিতে, ১ হাজার ৫৫ জন।

এ মাসে ডেঙ্গুতে মৃত্যু অবশ্য বছরের গত তিন মাসের চেয়ে কম। এখন পর্যন্ত এ মাসে মারা গেছে দুজন। মার্চে পাঁচ, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ছয়জন ভর্তি হয়েছে ঢাকার উত্তর সিটি করপোরেশনে। বাকিদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটিতে, দুজন করে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এবং একজন করে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে ভর্তি হয়েছে।

নতুন রোগীদের মধ্যে ৬০ শতাংশ বা নয়জন নারী ও ৪০ শতাংশ বা ছয়জন পুরুষ। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০ বছর বয়স পর্যন্ত শিশু ছয়জন। বাকি রোগীদের মধ্যে দুজন করে ১৬-২০ বছর ও ৩১-৩৫ বছর বয়সী এবং একজন করে বাকি পাঁচ শ্রেণির বয়সী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১২৬ জনে। তাদের মধ্যে ৩৮ দশমিক ৫ শতাংশ বা ৮১৮ জন নারী ও ৬১ দশমিক ৫ শতাংশ বা ১ হাজার ৩০৮ জন পুরুষ। কিন্তু এ বছর এখন পর্যন্ত নারী মারা গেছে মোট মৃত্যুর ৫৪ শতাংশ বা ১৩ জন ও পুরুষ মারা গেছে ৪৬ শতাংশ বা ১১ জন।

১০ করোনা রোগী : গত ২৪ ঘণ্টায় দেশে ২১৯টি নমুনা পরীক্ষা করে ১০ করোনা রোগী পাওয়া গেছে। এ সংখ্যা গত ১৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম রোগী পাওয়া যায় ১৪ এপ্রিল, ৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত