সশরীরে ক্লাসে ফিরছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:১২ পিএম

অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। আগামী ৩০ এপ্রিল থেকে যাবতীয় ক্লাস কার্যক্রম ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ডিনদের নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সেকান্দর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের চলমান তাপদাহ বিবেচনা করে আগামী ৩০ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক বেনু কুমার দে, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে অনলাইনে ক্লাস শুরু করেছিলে বিশ্ববিদ্যালয়টি। ১০ দিনের মাথায় ফের সশরীরে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত