ঢাবির পাঠ্যসূচিতে অর্ন্তভুক্ত হলো ‘কাজলরেখা’

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পিএম

চারশ বছর আগের গল্প মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ নিয়ে সিনেমা নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম, যেটি এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ ১২ বছর গবেষণা করে এটি নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নেন নির্মাতা। তার মতে, দর্শক উপভোগ করছেন সিনেমাটি। এটাই তার বড় প্রাপ্তি।

তবে এরইমধ্যে সিনেমাটি নিয়ে এলো এক সুখবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ মাস্টার্স এর কোর্স হিসাবে ‘কাজলরেখা’ সিনেমাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এখন থেকে কোর্স হিসাবে পড়ানো হবে এই সিনেমা। মাস্টার্স কার্যক্রমের নতুন সিলেবাসের পাঠ্যসূচিতে সংযুক্ত করা হয়েছে এটি। 

এ বিষয়ে সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘কাজলরেখা’ মুক্তির পর থেকেই ইতিহাস বিভাগ থেকে যোগাযোগ করেছে। তারা সবাই মিলে গতকাল সিনেমাটি দেখেন। তারপরই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এরইমধ্যে সিলেবাসে যুক্ত হওয়ার নোটিশও দিয়েছে।’

বিষয়টি নিয়ে দারুণ উচ্ছসিত এই নির্মাতা। বলেন, ‘আমি খুবই গর্বিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগে কাজলরেখা অন্তর্ভক্ত হওয়া মানে আমার জন্য গর্বের ও আনন্দের।’

উল্লেখ্য, ‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মন্দিরা চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার প্রমুখ। এতে গান রয়েছে ২৪ টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত