নটিংহামের মাঠ সিটি গ্রাউন্ডে আতিথ্য গ্রহণে গিয়েছিল সিটিজেনরা। টেবিলের ১৭ নম্বরে থাকা দলটির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে নিজেদের কাজটুকু ঠিক সেরে রাখলেন হালান্ড-গাভারদিওলরা।
নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রাখে ম্যানচেস্টার সিটি। দুই অর্ধে দুটি গোল তুলে নেন তারা। দুটি গোলেরই কারিগর কেভিন ডি ব্রুইন।
ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সিটির। নটিংহামের গোলরক্ষক ঠেকিয়ে দেন কেভিন ডি ব্রুইনের শট। ৩২তম মিনিটে কর্নার পায় সিটি। ডি ব্রুইনের নেয়া শট চমৎকার হেডের মাধ্যমে জালে পাঠান জসকো গাভারদিওল। প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে ডি ব্রুইনের বাড়িয়ে দেওয়া বল পান আর্লিং হালান্ড। বক্সের ভেতর থেকে তার ডান পায়ের জোরালো শট ঠাই পায় নটিংহাম জালের বাম কোণে। মৌসুমের ২১তম গোল পেলেন হালান্ড। এর পর আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এ নিয়ে শেষ ৯টি অ্যাওয়ে ম্যাচের ৮টিতেই জয় তুলে নিল সিটিজেনরা। আরেকটি ম্যাচ হয়েছে ড্র। অবশ্য এ জয়ের পরেও টেবিলের দুইয়ে থাকতে হচ্ছে পেপ গার্দিওলাকে।
এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। আজ টটেনহামকে তারা হারিয়েছে ২-৩ গোলে। সিটির সংগ্রহ ৭৬ পয়েন্ট। সিটির পরের ম্যাচ ৪ মে, উলভসের বিপক্ষে। লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ২-২ গোলে ড্র করেছে চেলসির সঙ্গে।
