সাবেক উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৯ এএম

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার ৩০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান ও তার স্ত্রী তাছলিমা আক্তারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলা দুটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ২৩ টাকা এবং তাছলিমা আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে ২০২১ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুদকে। কমিশন অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ২০২২ সালের ৩১ জানুয়ারি মুজিবুর রহমান সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন। দুদকের অনুসন্ধানে মুজিবুর রহমানের ২০১০ থেকে ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে তার ৪ কোটি ৭৯ লাখ ৪০ হাজার ৬৯৯ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া গেলেও ৩ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ২৩ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া যায়নি। এই পরিমাণ সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করে নিজ ভোগ দখলে রাখায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি করা হয়।

অন্য মামলার এজাহারে বলা হয়, সাবেক উপজেলা চেয়ারম্যানের অভিযোগ অনুসন্ধানকালে তার স্ত্রী তাছলিমা আক্তারের সম্পদ বিবরণী চাওয়া হয়। তিনি ২০২২ সালের ৩১ জানুয়ারি দুদকে সম্পদ বিবরণী জমা দেন। দুদকের অনুসন্ধানকালে তাছলিমা আক্তারের ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৮৮০ টাকার সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে তার ২ কোটি ৭৩ লাখ ৪৫ হাজার ২৮৫ টাকার সম্পদ অর্জনের বৈধ উৎস পাওয়া গেলেও ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তার নিজের কোনো আয়ের উৎস না থাকলেও তিনি স্বামীর অবৈধ উপায়ে অর্জিত অর্থে জমি কিনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত