তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা দেশের ছেলেবুড়ো সবার। এর মাঝেই নিয়মের বাধ্যবাধকতায় পরিচালিত হচ্ছে দেশের নির্ধারিত কাঠামোর ক্রিকেট প্রতিযোগিতাগুলো। এবার ক্ষুদে ক্রিকেটারদের কথা ভেবে সংস্করণে বদল আনলো বিসিবি। এখন থেকে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচগুলো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আজ বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতাটি হলো দেশের ক্রিকেটের ভবিষ্যত গড়ার জায়গা। বতর্মানে জেলা পর্যায় পেরিয়ে চলছে বিভাগীয় পর্যায়ের খেলা। অস্বাভাবিক বাড়তি তাপমাত্রায় দেশের ক্ষুদে ক্রিকেটাররা যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়েন তার জন্যেই এমন সিদ্ধান্ত বিসিবির।
জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় এ বছর জেলা পর্যায়ের ৫৭৯টি ম্যাচে অংশ নেয় ৩৫২টি স্কুল। জেলা পর্যায়ের চ্যাম্পিয়নদের নিয়ে এখন চলছে বিভাগীয় পর্যায়। এ পর্যায়ে অনুষ্ঠিত হবে ৫৭টি ম্যাচ। সবশেষ ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে বসবে জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াই।
বিসিবির ক্রিকেট কাঠামোয় এ আসর থেকেই গড়ে ওঠে বয়সভিত্তিক দলগুলো। প্রতিযোগিতাপূর্ণ আবহের মধ্য দিয়ে বিকশিত ও পরিণত হওয়ার সুযোগ পান প্রায় ১২ হাজার ক্ষুদে ক্রিকেটার। তাদের স্বাস্থ্য নিরাপত্তা চিন্তায় নেয়া হলো এ উদ্যোগ।
