ফাঁকা আবাহনীকে বাঁচাতে এলেন তিন জন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ এএম

আজ বিকেএসপিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচটা জিতে গেলেই চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা নিশ্চিত হয়ে যাবে আবাহনীর। কিন্তু টানা ১৩ ম্যাচে অপরাজিত আবাহনী আজকের ম্যাচ নিয়ে শঙ্কায়। কারণ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় ফাঁকা হয়ে গেছে আকাশি-হলুদদের তাঁবু। জাতীয় দলের ক্যাম্পে চলে গেছেন তাদের ১০ জন ক্রিকেটার, চোটে পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ। সব মিলিয়ে একাদশ গড়তেই হিমশিম খাওয়া আবাহনীকে বাঁচাতে ৩ ক্রিকেটার ফিরে আসছেন জাতীয় দলের চলমান অনুশীলন থেকে। এর বাইরেও রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি থেকেও তরুণ ক্রিকেটারদের নিয়ে এসে দল গড়তে যাচ্ছে দেশের ক্রিকেটের শীর্ষ ক্লাব দলটি।

দলটির কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে সাংবাদিকরা গতকাল জিজ্ঞাসা করেছিলেন যে মাঠে নেমে যেতে হবে কি না! সুজন হেসেই বলেছেন, ‘ইচ্ছা তো করে!’ তবে শেষ পর্যন্ত তাকে মাঠে নেমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে না আবাহনীর। জাতীয় দলের ক্যাম্প থেকে তিনজন ক্রিকেটারকে ফিরিয়ে নিয়ে আসছে ধানমণ্ডির ক্লাবটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন বিভাগের ইনচার্জ ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস দেশ রূপান্তরকে বলেছেন, ‘চারজন ক্রিকেটারকে ঢাকা প্রিমিয়ার লিগের কালকের (আজ) ম্যাচে খেলার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে আবাহনীর তিন ক্রিকেটার হচ্ছে আফিফ হোসেন ধ্রুব, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব। মোহামেডানের মাহমুদউল্লাহ।’

আবাহনীর ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক রাজিন সালেহ দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জাতীয় দলের ক্যাম্পের তিন ক্রিকেটারকে দলে ফিরে পাওয়ার বিষয়টি, ‘আমাদের তিনজন ক্রিকেটার আসছে। তানজিম সাকিব, তানভির আর আফিফ হোসেন ধ্রুব আসবে। খুব সম্ভবত এই ম্যাচের জন্যই আসছে। আমরা ফাহাদ হোসেন নামের একজন পেসারকে খেলাব। এ ছাড়া প্রথম বিভাগের দলে ছিল কিন্তু খেলেনি এ রকম একজন ব্যাটসম্যান আছে মুন, তাকেও আমরা দলে নিয়েছি। দেখা যাক ঘাটতি কতটা পূরণ হয়।’

১০ জনের ঘাটতি যে তিনজনের প্রত্যাবর্তন আর আনকোরা দুজনকে দিয়ে মেটানো যাবে না, সেটা তো স্পষ্ট। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছাকাছি এসে এভাবে একাদশ সাজানো নিয়েই যে হিমশিম খেতে হবে, তা একদমই ভাবেননি সুজন, ‘এতটা খারাপ হবে বুঝিনি আসলে। তবে যদি জয় (মাহমুদুল হাসান) এবং খালেদ (আহমেদ) ফিট থাকত তাহলেও এতটা সমস্যা হতো না। এখন এরা না থাকায় দলে খেলোয়াড় মাত্র ছয়জন! প্রিমিয়ার লিগ খেলার যে অভিজ্ঞতা দরকার, সেটা আমার দলের অনেকের মধ্যেই নেই, কারণ অর্ধেক দলই নেই। তবে দিনশেষে আমি মনে করি ছেলেরা ভালো করবে। অনেকের যুব ক্রিকেট লিগে খেলা দেখেছি, জানি না তারা কতটা পারবে আর আমি তাদের চাপ দিতেও চাই না। আমি চাই ওরা মন খুলে খেলুক। যতটুকু শিখেছে, অতটুকুই যদি খেলতে পারে, আমি মনে করি সেটাই ভালো হবে, আমি যেকোনো দল নিয়েই মাঠে নামতে তৈরি।’

আবাহনীর যখন ১১ জন নামাতেই দুর্দশা, তখন প্রতিপক্ষ এমন একজন ক্রিকেটারকে পাচ্ছে যার পক্ষে একাই ১১ জন হয়ে ওঠা সম্ভব! আজকের ম্যাচেই খুব সম্ভবত শেখ জামালে ফিরছেন সাকিব আল হাসান। শেখ জামালের কোচ সোহেল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, ‘কালকের (আজ) ম্যাচেই তো খেলার কথা। টিম ম্যানেজমেন্টের সঙ্গে সে রকমই আলাপ হয়েছে বলে শুনেছি। খুব সম্ভবত সে দেশে চলে এসেছে।’ জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ঢাকা লিগের শেষের দিকের দুই-তিনটা ম্যাচ খেলবেন সাকিব, এমনটাই বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই আজই শেখ জামালের একাদশে সাকিবকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা। শেখ জামালের দল থেকে জাতীয় দলে ডাক পাননি কেউই। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ সব নামের সঙ্গে সাকিব যুক্ত হলে জাতীয় দলের খেলোয়াড়দের বাইরে রাখা আবাহনীর বিপক্ষে তাদেরই মানতে হবে ফেভারিট।

১৩টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকা আবাহনীর পয়েন্ট ২৬, দুইয়ে থাকা মোহামেডানের ২০। শেষ ৩ ম্যাচ যদি আবাহনী হারে আর মোহামেডান জেতে, তাহলে সাদা-কালোদের লিগ জয়ের একটা সম্ভাবনা তৈরি হবে। তখন দুই দলেরই পয়েন্ট হবে ২৬। তখন সবচেয়ে বেশি জয় আর হেড-টু-হেডেও হবে সমতা, হিসাব চলে আসবে নেট রান রেটে। আবাহনীর বর্তমান নেট রান রেট ২.৭৬৯ আর মোহামেডানের ০.৮১৯। তাই আজকের ম্যাচে দুই চিরপ্রতিদ্ব›দ্বীর বিপ্রতীপ ফলই বাঁচিয়ে রাখবে লিগের শিরোপার লড়াই। মোহামেডানের প্রতিপক্ষ আজ শাইনপুকুর আর গাজী গ্রুপ লড়বে প্রাইম ব্যাংকের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত