কিউইদের পর প্রোটিয়ারাও চমক দেখালো বিশ্বকাপ দল ঘোষণায়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:১০ পিএম

নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চমক আছে এখানেও। কিউইরা চমক দেখিয়েছিল দুই ক্ষুদে বিশেষজ্ঞ দিয়ে দল ঘোষণা করিয়ে। আর প্রোটিয়ারা চমক দেখিয়েছে দলে দুই আনকোরা খেলোয়াড়কে নিয়ে, যাদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি।

এ দুজন হলেন উদ্বোধনী ব্যাটসম্যান রায়ান রিকেলটন ও পেসার ওটনিয়েল বার্টম্যান। দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ তে অসাধারণ নৈপুণের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন দুজন। আসরটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিকেলটন। প্রোটিয়া জার্সিতে দুটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলেছেন তিনি। বিশ্বকাপে কুইন্টন ডি ককের সঙ্গে ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে তাকে।

এসএ২০তে সতীর্থ মার্কো ইয়ানসেনের কাছে পিছিয়ে পড়ার আগে বার্টম্যানই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী। আসরে ১৮টি উইকেট পান এ ডানহাতি পেসার। অধিনায়ক এইডেন মার্করামের এই দলে সুযোগ পেয়েছেন আইপিএল না খেলা আনরিখ নর্খিয়া।

ধারণা করা হচ্ছিল ফাফ ডু প্লেসি ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু সেটি আর হচ্ছে না। এছাড়া দলে সুযোগ হয়নি রাইলি রুশো, রাসি ফন ডার ডুসেন, ওয়েন পারনেল, আন্দিল ফেলুকওয়ায়ো।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরখিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।

ট্রাভেলিং রিজার্ভ : নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত