‘রিংকুর কোনো দোষ নেই’

আপডেট : ০২ মে ২০২৪, ০৯:৫৯ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিংকু সিংয়ের স্ট্রাইক রেট ১৭৬.২৩। ভারতীয় দলের নতুন ফিনিশারের তকমা পাওয়া এ ব্যাটারের চলতি আইপিএলে স্ট্রাইক রেট ১৫০। অথচ ভারতের বিশ্বকাপ দলে তার জায়গা না পাওয়ায় অবাক হয়েছেন অধিকাংশই।

কেন রিংকুকে বাদ দেওয়া হল এর ব্যাখ্যায় আজ সংবাদ সম্মেলনে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানালেন, ‘রিংকুর কোনও দোষ নেই। সবটাই দলের ভারসাম্যের কথা ভেবে করা। দু’জন রিস্ট স্পিনার থাকায় রোহিতের হাতে বিকল্প বাড়বে। রিংকু রিজার্ভে রয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে, ১৫ জনের দলে ঢোকার কত কাছে ও এসেছিল। কিন্তু দিন শেষে আপনি ১৫ জনকেই নিতে পারবেন।’

আইপিএলের পারফরম্যানস বিবেচনা করে বিশ্বকাপ দল গড়া হয়নি। আইপিএল শুরুর অনেক আগেই বিশ্বকাপের ১৫ জন নিয়ে আলোচনা হয়েছিল বলে জানালেন রোহিত, ‘বিশ্বকাপের ১৫ জন নিয়ে আইপিএল শুরুর আগে থেকে আলোচনা হয়েছে। দেখুন আমাদের দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল খেলছে অনেক আগে থেকে। নতুন কেউ নেই। ৭০-৮০ শতাংশ দল ঠিক করা হয়ে গিয়েছিল আইপিএল শুরুর আগেই। আমরা শুধু আইপিএলে দুই-একজনকে দেখতে চেয়েছিলাম। আইপিএলে পারফরম্যানস পরিবর্তন হয় প্রতিদিন। তাই বলে আপনি প্রতিদিন পরিকল্পনা পরিবর্তন করতে পারেন না।’

দলে অফ স্পিনার নেই, এমন প্রশ্ন করা হলে রোহিত কথা না বলে তোলেন আঙুল! বোঝান দরকার হলে তিনিই করতে পারেন অফস্পিন। এছাড়া দলে চার জন স্পিনার নেওয়ার পক্ষে কন্ডিশন অনুযায়ী প্রয়োজনীয়তার ইঙ্গিত দিলেও বিস্তারিত খোলাসা করেননি রোহিত, ‘আমি নিশ্চিত প্রতিপক্ষের অনেক অধিনায়ক এই কথাগুলো শুনছেন।’

বিরাট কোহলি আইপিএলে ৫০০ রান করে ফেললেও তার স্ট্রাইক রেট নিয়ে কথা উঠেছে। আগারকার অবশ্য কোহলির স্ট্রাইক নিয়ে ভাবছেনই না, ‘কোহলির স্ট্রাইক রেট নিয়ে আমাদের কোনও আলোচনাই হয়নি। আইপিএলে দারুণ ফর্মে রয়েছে ও। কোহলির স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করার কোনও কারণই নেই।’

তবে অধিনায়ক রোহিত শর্মা স্মরণ করিয়ে দিলেন মিডলওভারে দ্রুত রান করার ব্যাপারটা, ‘আমাদের মিডল ওভারে দ্রুত রান করা নিয়ে ভাবতে হবে। টপ অর্ডার ভাল রান করছে। মিডল ওভারে আমাদের এমন কাউকে প্রয়োজন, যে নেমে বড় শট খেলতে পারবে। রানের গতি বাড়াতে পারবে। এজন্যই শিবম দুবেকে নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত