দৈনিক দিনকাল সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ দৈনিক দিনকাল কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পাওনা পরিশোধ করা না হয় তবে আগামী ১১ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে এ সময় জানানো হয়।
দৈনিক দিনকাল সাংবাদিক-শ্রমিক-কর্মচারী সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান মোহনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ, সহকারী সম্পাদক জহির চৌধুরী, সিনিয়র সহ সম্পাদক আব্দুস সেলিম, ডিইউজে দিনকাল ইউনিটের ডেপুটি ইউনিট চিফ বাবুল খন্দকার, দৈনিক দিনকাল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, দিনকাল কর্তৃপক্ষ ঈদের আগে সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও গত তিন সপ্তাহেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দৈনিক দিনকালের সাংবাদিক কর্মচারীদের গত একবছর ধরে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। এ ছাড়া করোনাকালীন চার মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া রয়েছে।
