কাদেরের দাবি

পঁচাত্তরের পর সবচেয়ে সুষ্ঠু দ্বাদশ সংসদের ভোট

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:১২ এএম

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে।’

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এমন দাবি করেন।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্যের’ নিন্দা ও প্রতিবাদ জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারসহ সব অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে এবং জনগণের মধ্য থেকে উত্থিত রাজনৈতিক শক্তি। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটাধিকারসহ অন্যান্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।’

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সর্বদা ক্ষমতা কুক্ষিগত করার জন্য জনগণের ভোটাধিকার হরণ করেছে। যে কারণে তাদের মধ্যে নির্বাচন নিয়ে ভীতি রয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।’ ক্ষমতায় আসার পথ নির্বিঘœ করতে বিএনপি অর্ধকোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছিল দাবি করে কাদের বলেন, ‘একই সঙ্গে তারা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করেছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত