অদম্য গতিতে ছুটে চলেছে বায়ার লেভারকুসেন। ইতোমধ্যে নিশ্চিত করেছে বুন্দেসলিগার শিরোপা। উঠে গেছে জার্মান কাপের ফাইনালেও। গতকাল রাতে রোমে ইউরোপা লিগের ফাইনালের পথও সহজ করে নিয়েছে। সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ২–০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের পথে এক পা দিয়ে রাখল জাবি আলোনসোর দল।
এই জয়ে লেভারকুসেন তাদের টানা অপরাজিত থাকার রেকর্ডটা নিয়ে গেছে ৪৭–এ।
লেভারকুসেনকে জেতাতে দুই অর্ধে দুটি গোল করেছেন ফ্লোরেইন ভির্টজ ও রবার্ট আনড্রিখ। খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আলোনসোর দলের কাছে। ২৮ মিনিটে ভির্টজের গোলে এগিয়ে যায় তারা, আর ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনড্রিখ।
ফাইনালে উঠলে লেভারকুসেন প্রতিপক্ষ হিসেবে পাবে ইতালির আরেক ক্লাব আতালান্তা অথবা ফ্রান্সের মার্শেইকে। গতকাল ফ্রান্সে এই দুই দলের প্রথম লেগের ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে।
১৯৮৮ সালে উয়েফা কাপ জয়ের পর আবার লেভারকুসেনকে ইউরোপিয়ান শিরোপার প্রান্তে নিয়ে যাওয়া কোচ আলোনসো গতকালের ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা তৃতীয় গোল করার জন্য অনেকগুলো সুযোগ পেয়েছিলাম। কিন্তু শেষ দিকে তারাও ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেছে। এই ফল নিয়ে আমরা খুশি।’
