মাদারীপুরের রাজৈরে গাছ বোঝাই ট্রাক আর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, হোসেন মুন্সী (৫৫) ও ধলু হাওলাদার (৬০) নামে ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন যাত্রী আহত হয়।
আজ শনিবার (৪ মে) সকালে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন মুন্সী রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে এবং একই এলাকার ধলু হাওলাদার লালমিয়া হাওলাদারের ছেলে। তারা নিজ বাড়ি থেকে ইজিবাইকে রাজৈর যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকে রাজৈর বাসস্ট্যান্ডে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলু হাওলাদার মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ রাজৈর থানায় রাখা আছে। তবে ট্রাক চালককে আটক করা যায়নি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে আছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘ট্রাকটি উদ্ধার করা হচ্ছে, কিন্তু চালককে পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুঘর্টনার কবলে পড়ে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।’
