প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করলে বিচার বিভাগ পূর্ণতা পায় ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।
শুক্রবার (৩ মে) রাতে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, প্রধান বিচারপতির সহধর্মিণী নাফিসা বানু, অ্যাটর্নি জেনারেলের সহধর্মিণী আফসারি আমিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামাল হোসেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা বারের সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।
