হাজী মুজিব এমপি

‘কৃষকদের বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধপরিকর’

আপডেট : ২৭ মে ২০২৬, ০১:০৪ এএম

কৃষকদের বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের কৃষক ও মেহনতি মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনা অনন্য ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য একটি কৃষক পরিবারও যেন টাকার অভাবে বা বীজের অভাবে পিছিয়ে না পড়ে। মৌলভীবাজার -৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য মো.মজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)  এ মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৬ মে) বেলা ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার ১ হাজার ৫০০ জনের বেশি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারের মাঝে সরকারি বিশেষ প্রণোদনা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর সভাপতিত্বে ও ইউপি সদস্য বুলবুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমূখ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতি কাটিয়ে উঠে কৃষকদের পুনরায় ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই জরুরি মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। সহায়তা কর্মসূচির আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে দেওয়া হচ্ছে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আসাদুজ্জামান বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রকৃত ভুক্তভোগি যেন এই সুবিধা পান, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত