সাগরিকায় সৌম্যের দুই ঘণ্টা

আপডেট : ০৪ মে ২০২৪, ০৭:০১ পিএম

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। আজ হোটেলে বিশ্রামে ছিলেন নাজমুল হোসেন শান্তরা। সকালে ছিল অনুশীলন। তবে এদিন মাঠে দেখা গেল দলের বাইরে থাকা ক্রিকেটার সৌম্য সরকারকে। প্রধান কোচ থেকে শুরু করে ব্যাটিং কোচ, ফিটনেস কোচদের নিয়ে সৌম্য সাগরিকার মাঠে ব্যস্ত সময় কাটান।

আজ দুপুর ১২টা ৪০ মিনিটে মাঠে প্রবেশ করেন। তপ্ত রোদে টানা দুই ঘণ্টা সৌম্য সরকারকে পুরোদমেই অনুশীলন করতে দেখা গেছে। প্রথমে কিছু সময় ফিটনেস ট্রেনারদের নিয়ে রানিং করেছেন। এরপর ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে নিয়ে নেটে করেছেন ব্যাটিং। দুপুর ২টা ৪৭ মিনিটে মাঠ ছেড়ে ড্রেসিং রুমের পথে হাটছিলেন তিনি।

এর মাঝেই ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে জানতে চাওয়া সৌম্য ব্যাট হাতে ম্যাচে ফিরছেন কবে, ‘এটাই আমাদের প্ল্যান যে সে এই পাঁচ ম্যাচের সিরিজের কোনো অংশে খেলবে। এখন সে রিহ্যাব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।’

সৌম্য সরকার তার সেরা দিনে কি করতে পারেন, নিউজিল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বরে নেলসনে দেখিয়েছেন । বাকিদের ব্যর্থতায় একা খেলে ১৫১ বলে করেন ১৬৯। তবে তার এমন সেরা দিন আসে কমই। ধারাবাহিকতার ঘাটতি বাঁহাতি ব্যাটারের সামর্থ্যকে প্রায়ই করেছে আড়াল।

সৌম্য সরকার ফিরছেন জিম্বাবুয়ে সিরিজের ঢাকা পর্বে। বিশ্বকাপ দলেও তার থাকা প্রায় নিশ্চিতই বলা চলে। নিজেকে ফিরে পেতে মরিয়া সৌম্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত