ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ৮ ম্যাচে ২ গোল। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে, মোহাম্মদ সালাহর সময় খারাপ যাচ্ছে। সালাহর মতো সময়টা খারাপ লিভারপুলেরও। পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তারা।
মূল একাদশে জায়গা হারানোর পাশাপাশি কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে আলোচনায় এসেছেন সালাহ।
গত সপ্তাহে ওয়েস্ট হামের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার আগমুহূর্তে সাইডলাইনে ক্লপের সঙ্গে সালাহর তর্কের ভিডিও ও ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্লপ ও সালাহকে শান্ত করেন ডারউইন নুনেজ এসে।
ম্যাচের পর সালাহ বলেন, ‘আজ আমি কথা বললে আগুন লেগে যাবে।' তবে ইয়ুর্গেন ক্লপ পরে সংবাদ সম্মেলনে দাবি করেন, সালাহর সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলেছেন।
সালাহর সঙ্গে বিরোধ নিয়ে আবার কথা বলেছেন ক্লপ। রবিবার টটেনহামের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ একই কথা বলেছেন, ‘এটা পুরোপুরি মিটে গেছে। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। যদি আমরা অনেক দিন ধরে একে অপরকে না চিনতাম, তবে আমি জানি না, কিভাবে আমরা বিষয়টি সামলাতাম। তবে আমরা একে অপরকে শ্রদ্ধা করি এবং আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই।'
সেই ঘটনায় অনেকেই সালাহকে দোষ দিচ্ছেন। সাবেক লিভারপুল মিডফিল্ডার গ্রায়েম সোনেসের মতে সালাহর মতো স্বার্থপর খেলোয়াড় তিনি আর দেখেননি।
সালাহর আত্মাভিমান বেশি উল্লেখ করে সোনেস বলেন, ‘কোনো সন্দেহ নেই, সালাহর আত্ম-অহংকার অনেক বেশি। গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরুর একাদশে থাকতে না পেরে সে রাগান্বিত হয়েছিল।'
