৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপের ভোটগ্রহণ আগামী ৮ মে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভোটের মাঠে চলছে বিভিন্ন সমীকরণ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উপজেলার জনসাধারণের মধ্যে বাড়ছে পছন্দের প্রার্থীকে নিয়ে উন্মাদনা। এদিক থেকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন নাজমুল হাসান নীরা সাদ্দাম আকুঞ্জি।
দুর্গাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক তিন বারের আ.লীগের সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের ভাগ্নে নাজমুল হাসান নীরা সাদ্দাম আকুঞ্জি। উপজেলা পরিষদ চেয়ারম্যান তার মামাতো বোন জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমার সঙ্গে একই পরিষদে সাদ্দাম আকুঞ্জি ছিলেন ভাইস চেয়ারম্যান।
দুর্গাপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটের মাঠে প্রচার-প্রচারণায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামে প্রার্থীদের পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণা। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলছে প্রার্থীদের গণসংযোগ ও পথসভা। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র এখন নির্বাচনের ভোট নিয়ে আলোচনা। প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিক থেকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকুঞ্জি) অনেক এগিয়ে আছেন বলে জানিয়েছেন স্থানীয় ভোটাররা। যদি সুষ্ঠু ভোট হয় তাহলে অনেক ব্যবধানে বিজয়ী হবেন সাদ্দাম আকুঞ্জি।
নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে নাজমুল হাসান নীরা সাদ্দাম আকুঞ্জি বলেন, আমরা দুর্গাপুরবাসীর জন্য সব সময় নিবেদিত হয়ে কাজ করেছি। আমার মামা প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার তিনবারের এমপি ছিলেন। আমার মামাতো বোন জান্নাতুল ফেরদৌস আরা তালুকদার ঝুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দুর্গাপুরে মানুষ আমাদের দুহাত ভরে দিয়েছেন। এবারও উপজেলাবাসীর ইচ্ছে পূরণ করার জন্য আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। তাদের ঘামের মূল্য দেওয়ার জন্য তাদের কাতারে এসে দাঁড়িয়েছি। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার পর বুঝতে পেরেছি জনপ্রতিনিধি হয়ে মানুষের জন্য কাজ করার বিশাল সুযোগ রয়েছে । সেই থেকে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে উদ্বুদ্ধ হয়েছি।
দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা (মোটরসাইকেল), পারভিন আক্তার (ঘোড়া), ফারুক আহমেদ (হেলিকপ্টার), মো. আব্দুল্লাহ হক (আনারস), মোহাম্মদ কামাল পাশা (কাপ পিরিচ), মো. নুরুল হুদা (দোয়াত কলম), সাজ্জাদুর রহমান (কই মাছ)।
ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাইয়ুম খান (উড়োজাহাজ), গোলাম ফাহমী ভূঁঞা (তালা), ছায়েদুল রহমান (টিউবঅয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাকিয়া সুলতানা জবা (ফুটবল), তহুরা বেগম (কলস), শারমিন আক্তার (হাঁস) প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, আগামী ৮ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। দুর্গাপুরে ৬১টি কেন্দ্রে ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটার।
